২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালী হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন বিমল

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগমের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম জানান, প্রথমদিনে চাঞ্চল্যকর এ মামলার বাদী ডা. বিমল কান্তি শীল জবানবন্দি দেন। পরে বিচারক আগামী ২৩ মে পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন। ওইদিন বিমল কান্তি শীল ঘটনার বর্ণনা দিয়ে আরো জবানবন্দি দেবেন। চাঞ্চল্যকর এ ঘটনার ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি। আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। এরপর ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এএল/১৫৪২ ঘ.