২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠানামা ব্যাহত

স্বয়ংক্রিয় পদ্ধতির (সিটিএমএস) সার্ভার অচল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠানামার কাজ সোমবার কিছু সময় বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 06:45 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বয়ংক্রিয় পদ্ধতির (সিটিএমএস) সার্ভার অচল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠানামার কাজ সোমবার কিছু সময় বন্ধ ছিল। সিটিএমএস এর প্রকল্প পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিটিএমএস অচল হয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টায় পুনরায় তা চালু হয়। সিটিএমএস এর সার্ভার দুপুর ২টার দিকে অচল হয়ে গেলে প্রায় দুই ঘণ্টা পর বিকাল ৪টা থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বন্দরে কন্টেইনার উঠানামার কাজ শুরু হয় বলে জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রাত সাড়ে ৯টায় সার্ভারটি চালু করতে সক্ষম হন। সিটিএমএস এর আওতায় কন্টেইনার উঠানামার সব ধরনের দালিলিক কাজকর্ম অনলাইনে সম্পন্ন হয়। কন্টেইনার জাহাজে উঠানামা বা স্থানান্তরের ক্ষেত্রে আগেই সমস্ত তথ্য অনলাইনে দিয়ে দিতে হয়। ফলে এই পদ্ধতি অচল হয়ে গেলে দালিলিক কাজকর্মও বন্ধ হয়ে যায়। বন্দর সচিব জানান, এসময়ে বন্দরে কন্টেইনার ওঠানামা, সরবরাহ, স্থানান্তরসহ সংশ্লিষ্ট কাজ ব্যাহত হয়। গত বছরের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। এশীয় উন্নয়ন ব্যাংক ও বন্দরের যৌথ অর্থায়নে এই প্রকল্প স্থাপন, পাঁচ বছর মেরামত ও সংরক্ষণ বাবদ মোট ব্যয় হচ্ছে প্রায় ৬৮ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/০০৪৬ ঘ.