২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গভীর রাতে হঠাৎ তৎপর র‌্যাব

আতঙ্কিত ওই এলাকার কয়েকজন বাসিন্দা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব সদস্যরা পথচারীদের লাঠিপেটা করতে থাকে। দোকান-পাটও বন্ধ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:50 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

গাজীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে সোমবার মধ্যরাতে র‌্যাবের তৎপরতায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মধ্যরাত থেকে মরকোণ, আউচপাড়া, টঙ্গী বাজার, পূর্ব পাশের স্বর্ণের গলি, গার্লস স্কুল রোডসহ সংলগ্ন এলাকায় এই তৎপরতায় র‌্যাবের সঙ্গে পুলিশও রয়েছে বলে জানায় এলাকাবাসী। এতে আতঙ্কিত ওই এলাকার কয়েকজন বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে টেলিফোন করে ঘটনাটি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব সদস্যরা পথচারীদের লাঠিপেটা করতে থাকে। দোকান-পাটও বন্ধ করে দেয়। টঙ্গী বাজার এলাকার এক বাসিন্দা বলেন, “প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে হঠাৎ করেই র‌্যাব ও পুলিশ রাস্তায় চলাচলকারী লোকজনকে জিজ্ঞাসাবাদ ও লাঠিপেটা করতে থাকে।” টঙ্গী এলাকার ছাত্রলীগ নেতা কাজী মো. সেলিম জানান, তিনিও কয়েকজনের কাছ থেকে টেলিফোনে র‌্যাব ও পুলিশের তৎপরতার বিষয়টি শুনেছেন। তিনি বলেন, “দোকানিরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় এবং রাস্তায় থাকা লোকজন দৌড়ে বাসায় ঢুকতে থাকে বলে শুনেছি।” হঠাৎ এই অভিযানের বিষয়ে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের চারটি টিম মরকোণ, আউচপাড়া ও টঙ্গীর আশপাশে অপরাধপ্রবণ এলাকায় মধ্যরাত থেকে অভিযান চালাচ্ছে। এসময় প্রতারণা মামলার আসামি মেহেদি মাসুম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। র‌্যাব এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপরাধপ্রবণ এলাকায় র‌্যাব ও পুলিশ তৎপরতা চালাচ্ছে। এসব এলাকায় প্রায়ই ছিনতাইসহ নানা অঘটন ঘটে থাকে। সতর্কতামূলক ব্যাবস্থা হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। তবে এসময় কাউকে লাঠিপেটা বা হয়রানি করা হয়নি বলে দাবি করেন ওই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০১৫০ ঘ.