পটুয়াখালী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে পটুয়াখালীতে ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সংগঠনের জেলা সভাপতি রেজাউল হক রেজা এবং সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহি®কৃতরা হলেন সংগঠনের প্রাথমিক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, মো. কাওসার আহমেদ সুমন, মো. রিয়াজ শরীফ (ব্যাপারী) ও আতিকুর রহমান পারভেজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসামাজিক কাজে জড়িত, সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অসদাচরণ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সামনে জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীদের লাঞ্ছিত করার অপরাধে গঠনতন্ত্র মোতাবেক এদের বহিষ্কার করা হয়।
এদের বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ চার নেতার সঙ্গে ছাত্রলীগ পটুয়াখালী জেলাসহ সব উপজেলা, পৌরসভা, সকল কলেজ শাখা এবং সাধারণ সদস্যসহ নেতাকর্মীদের দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24