২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণকারীর যাবজ্জীবন সাজা

অপহরণের পর তরুণীকে ধর্ষণ করায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর তরুণীকে ধর্ষণ করায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম রমজান আলী। অপহরণে সহযোগিতা করায় রমজানের সহযোগী মোহাম্মদ করিমকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি রমজান গ্রেপ্তারের পর জামিনে নিয়ে পলাতক এবং করিম আগে থেকেই পলাতক আছেন। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রমজান দুটি ধারায় দুই বার যাবজ্জীবন এবং করিমকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন। তবে রমজানের উভয় সাজা একত্রে চলার আদেশ হওয়ায় তাকে কার্যত একটি সাজাই খাটতে হবে। একই সঙ্গে বিচারক দুইজনকেই এক লাখ টাকা করে জরিমানা করেছেন বলে জানান চন্দন। ২০০৯ সালের ১৪ নভেম্বর সকালে বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুরে নিজের বাড়ি থেকে পাশের বাণীগ্রামে কাপড় সেলাই করতে যাওয়ার পথে ওই তরুণী অপহৃত হন। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর ওই তরুণীকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। নিখোঁজের আড়াই মাস পর পটিয়া থানা পুলিশ ওই তরুণীকে রমজানের বাড়ি থেকে উদ্ধার করে। পরদিন অপহৃতা তরুণী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রমজান ও করিমকে আসামি করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২১৩ ঘ.