সাতক্ষীরা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে সোমবার সুন্দরবনে আরেকজন মৌয়ালের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত তিনদিনে সুন্দরবনে বাঘের আক্রমণে তিনজনের মৃত্যু হল। এর আগে শনিবার এক জেলে এবং রোববার এক মৌয়ালের মৃত্যু হয়।
সোমবার মৃত শহর আলী মোল্লা (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের জুম্মান মোল্লার ছেলে।
শহর আলীর সঙ্গে বনে যাওয়া আবুল হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার সোরা ও পাশের গ্রাম থেকে ওয়াদুদ, হামিদ, বাবুসহ নয় জন মৌয়াল সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে ৪/৫ দিন আগে বনে মধু সংগ্রহে যান।
সোমবার সকাল ৮টার দিকে বনের ভেতর মামদো নদীর তীরবর্তী কাঁকড়াখালি এলাকায় মধু সংগ্রহের সময় একটি বাঘ শহর আলীকে ধরে ফেলে।
ওই সময় তার সঙ্গীরা দীর্ঘক্ষণ লড়াই করে শহর আলীকে ছাড়িয়ে আনে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত শনিবার (১২ মে) কালিন্দী নদীর উলুখালী এলাকায় প্রাণ হারান শ্যামনগরের পূর্ব কৈখালি গ্রামের বাসিন্দা জেলে আজিবর রহমান দফাদার (৪৮)। পরদিন মামদো নদীর ভিমরুলখালি এলাকায় মৃত্যু হয় হাজের আলী (৫৫) মৌয়ালের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24