২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন প্রতিবেশী দেশ মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিন লুইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন প্রতিবেশী দেশ মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিন লুইন। সোমবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিদায়ী দূত। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেছেন, এটি ছিল মিয়ানমারের দূতের বিদায়ী সাক্ষাৎ এবং বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইউ মিন লুইনের দায়িত্ব পালনের সময়ই সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারে সঙ্গে বিরোধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে যায় বাংলাদেশ এবং তাতে রায় বাংলাদেশের পক্ষে আসে। দায়িত্ব পালনের সময় দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার জন্য মিয়ানমারের দূতকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী নিয়েও বাংলাদেশের সমস্যা রয়েছে। এই বিষয়টির সমাধানে জোর দেন প্রধানমন্ত্রী। দুই দেশের আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সড়ক ও রেলপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে দু'দেশের মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। ঢাকা-চট্টগ্রাম-ইয়াঙ্গুন সরাসরি ফ্লাইট শিগগিরই চালুর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জ্বালানি খাতে মিয়ানমারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ থেকে আরো ওষুধ আমদানির ক্ষেত্রে নীতিগত বাধা দূর করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অ্যামব্যাসাডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ ও প্রেসসচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/২১৪০ ঘ.