২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মাদ্রাসা ছাত্রকে ‘বেত্রাঘাত’

শিক্ষককে না বলে বাড়ি যাওয়ায় ভোলার দৌলতখান উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ভোলা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষককে না বলে বাড়ি যাওয়ায় ভোলার দৌলতখান উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। চরপাতা গ্রামের মোহাম্মদিয়া দারুল সুন্নাহ মাদ্রাসায় বৃহস্পতিবারের এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হলেন মাওলানা মো. আল আমিন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে ছাত্রের স্বজনরা জানিয়েছেন। অসুস্থ মো. সাকিলকে (১৩) শুক্রবার ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শরীফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচণ্ড মারধরে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। কোমরের নিচের অংশে পুঁজ জমে ফুলে গেছে। তাই বরিশাল নিয়ে অপারেশন করাতে হবে বলে তার স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মো. সাকিল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীর খারাপ লাগায় স্যারকে না বলে বাড়ি চলে যাওয়ায় শিক্ষক আল আমিন তাকে বাড়ি থেকে ডেকে এনে হাত-পা বেঁধে ‘১৭৬টা বেত্রাঘাত’ করেন। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিলের মা জেবুন্নেছা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, “বিষয়টি মাদ্রাসা সুপারকে জানানোর পর তিনি এর সুষ্ঠু সমাধান দেবেন বলেন জানান। কিন্তু তিনি কোনো বিচার করেননি।” মাদ্রাসা সুপার মাওলানা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রটিকে সামান্য মারধর করা হয়েছে। ১৭৬টি বেত্রাঘাত করা হয়নি। শিশুটি আগে সুস্থ হউক। তারপর অভিযুক্ত শিক্ষকের ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি। অভিযুক্ত শিক্ষক মাওলানা আল-আমিন ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ওই মাদ্রসায় গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে। তবে ছাত্রের পরিবার এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.