২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ বেষ্টনীতে বিএনপির সমাবেশ

আগের দিনের সংঘর্ষের পর সোমবার পুলিশ বেষ্টনীতে দলীয় কার্যালয়ের ভেতরের মাঠে সমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের সংঘর্ষের পর সোমবার পুলিশ বেষ্টনীতে দলীয় কার্যালয়ের ভেতরের মাঠে সমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি। বিকালে নগরীর নাসিমন ভবনের সামনের মাঠে সমাবেশ হয়। তবে সমাবেশের পর কোনো মিছিল হয়নি। রোববার সংঘর্ষের পর পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার এই সমাবেশ ডাকা হয়। বিকাল সাড়ে ৩টা থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। কোনো ধরনের গোলযোগ ছাড়াই বিকাল পৌনে ৬টার দিকে সমাবেশ শেষ হয়। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “যত অত্যাচার নির্যাতন হবে ততই আমরা শক্তিশালী। কোনো হামলাই আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না।” আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে সংবিধান সংশোধনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নোমান বলেন, “সুরঞ্জিত-আবুল হোসেনকে বাঁচাতে তারা দুদককে দিয়ে তদন্ত করাচ্ছে। এদেশের জনগণ দুদকের তদন্তে বিশ্বাস করে না।” বক্তব্যে আমীর খসরু বলেন, “রোববার আইনশৃঙ্খলা বাহিনী যে নির্মম নির্যাতন চালিয়েছে, কোনো সভ্য দেশে তা হয় না।” “এদের কর্মযজ্ঞ আমরা রোববার দেখেছি। যারা গ্রেপ্তার নির্যাতন চালাচ্ছে, আগামীতে ব্যবস্থা নেওয়া হবে,” পুলিশকে হুঁশিয়ার করেন তিনি। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বক্তব্য রাখেন। রোববার বিকালে ১৮ দলীয় জোটের সমাবেশকালে জামায়াত-বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ শতাধিক আহত হন। পুড়িয়ে দেওয়া হয় তিনটি প্রাইভেট কার। ভাংচুর করা হয় ২০টিরও বেশি গাড়ি, গ্রেপ্তার করা হয় ২৯ জনকে। এ ঘটনায় রোববার গভীর রাতে পুলিশ বাদি হয়ে নগরীর দুটি থানায় পাঁচটিসহ মোট ছয়টি মামলা হয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৫২ ঘ.