নারায়ণগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা জেলা প্রশাসনের লোক পরিচয়ে দিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
রোববার রাত দুইটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগর ভূইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
আলী আজগর চেয়ারম্যানের শ্যালক অহিদুল ইসলাম ভূইঁয়ার বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মো. হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে একদল ডাকাত তিনতলার বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে।
দোতলায় সাবেক ইউপি চেয়ারম্যান আজগরের ফ্ল্যাটের সামনে গিয়ে জেলা প্রশাসনের লোক পরিচয় দেয় তারা।
বাড়ির লোকজন দরজা খুললে তারা অস্ত্রের মুখে আজগরের পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করে। এ সময় আলী আজগর বাসায় ছিলেন না।
ওসি হারুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫১ ঘ.
bdnews24