গাজীপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ এক পোশাক শ্রমিকের লাশ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিরু মিয়া (২৬) গাজীপুর সদরের দক্ষিণ সালনার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
নিরুর স্ত্রী রুমা আক্তার সাংবাদিকদের বলেন, তার স্বামী স্থানীয় নান্দু মিয়ার ছেলে মারুফ ওরফে ফরহাদের কাছে পাওনা ৫০ হাজার টাকা আনতে বৃহস্পতিবার (১০ মে) সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ থাকেন।
বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে শনিবার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রোববার দুপুরে এলাকাবাসী মারুফের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের মামা নূরুল হুদা বলেন, মারুফের কথামতো পাওনা টাকা আনতে স্ট্যাম্পসহ মারুফের বাড়ির উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি নিরু মিয়া। এরপর থেকে মারুফ পলাতক রয়েছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৩৩ ঘ.
bdnews24