ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়েদের অবদান স্মরণীয় করে রাখতে এবারও ৩২ জন রত্নগর্ভা মাকে পুরস্কৃত করেছে আজাদ প্রোডাক্টস।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে মায়েদের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত বলেন, “রত্নগর্ভা মা বলে ডাকা, অথবা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো- এটি একটি মহৎ উদ্যোগ। আজাদ প্রোডাক্টসের এই উদ্যোগ সুচিন্তিত ও মূল্যবান।”
ক্রেস্ট গ্রহণের পর এক জন রত্নগর্ভা মা সাবেক সরকারি কর্মকর্তা শাহজাদী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার চার ছেলে তাদের নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছে এটাই আমার বড় পাওয়া। পৃথিবীতে প্রত্যেক মা-ই চায় তার সন্তানরা সমাজের বিভিন্ন অঙ্গনে সুনাম অর্জন করুক। আমার সেই আশা পূরণ হয়েছে।”
শাহজাদী বেগমের তৃতীয় সন্তান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম মাহমুদ বলেন, “আমাদের সাফল্যের স্বপ্নচূড়ায় পৌঁছাতে মার অবদান অনস্বীকার্য। মা একজন সরকারি কর্মকর্তা হওয়ার পরও সার্বক্ষণিক আমাদেরকে তার ছায়াতলে আগলে রেখে দেখভাল করেছেন।”
অপর রত্নগর্ভা মায়ের পঞ্চম সন্তান বাংলাভিশনের প্রযোজক (অনুষ্ঠান) কাওনাইন সৌরভ বলেন, “সন্তান হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। প্রতিটি সন্তানের কাছে মা-বাবা চিরন্তন, তারা পৃথিবী ছেড়ে চলে গেলেও সন্তানের মাঝেই বেঁচে থাকেন।”
এবার বিশেষ ক্যাটাগরীতে সাত জন ও সাধারণ ক্যাটাগরীতে ২৫ জন মাকে ‘রতœগর্ভা মা’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ১৩ মে বিশ্ব মা দিবসকে সামনে রেখে ২০০৩ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে আজাদ প্রোডাক্টস লিমিটেড।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী রফিক-উল-হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ও আনিসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২১০৪ ঘ.
bdnews24