ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ থেকে এক অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে ওয়েস্ট এন্ড স্কুলের গলির ভূমি অফিসের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তার গায়ে চেক সালোয়ার-কামিজ ছিল।
লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা রাস্তায় একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ বস্তাটি খুলে ভিতরে আরেকটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে তরুণীর লাশ দেখতে পায়।
তরুণীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তার মধ্যে ভরে ওই স্থানে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/২০৪০ ঘ.
bdnews24