ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুটি পৃথক ঘটনায় জের ধরে সংঘর্ষের পর জড়িত থাকার অভিযোগে ১৭ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর মধ্যে রোববার সকালে রেস্তোরাঁয় বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার করা হয়েছে ৯ জনকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে রেস্তোরাঁয় বসা নিয়ে ইংরেজি বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র আহসানউল¬াহ মিঠুর সঙ্গে ছাত্রলীগকর্মী কাননের কথা কাটাকাটির জের ধরে কানন মিঠুকে মারধর করে। পরে ইংরেজি বিভাগের কিছু শিক্ষার্থী শিবির ও ছাত্রদলকর্মীদের সঙ্গে নিয়ে কাননকে পেটায়।
কাননের আহত হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগকর্মীরা মিঠুর বন্ধু মামুনকে মারধর করে।
এ ছাড়া অপর সংঘর্ষের ঘটনা ঘটে দুপুর আড়াইটার দিকে। ক্যান্টিনে বসা নিয়ে ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আখন্দ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিনের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হলে সংঘর্ষে আহ্বায়ক গ্র“পের জামাল ও শামীম আহত হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি ঘটনার প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।
সকালের ঘটনায় সাময়িক বহিষ্কার করা হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কানন, ইব্রাহিম, তুহিন, মোশাররফ, রনি, শিমুল, শাকিল এবং ইংরেজি বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র রওশন জামান ও সাইদুলকে।
এ ছাড়া দুপুরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত হয়েছে- ইতিহাস বিভাগের ডেভিড, জাফর ও শুভ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুমন, হাসান ও জালাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাসুদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রত্যয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩৮ ঘ.
bdnews24