২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণীর বেতন কাঠামো ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া সহ ১৫ দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিকী অনশন শুরু করেছে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণীর বেতন কাঠামো ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া সহ ১৫ দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিকী অনশন শুরু করেছে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন। রোববার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি এ কর্মসূচি শুরু করে যা সোমবার দুপুর পর্যন্ত চলবে। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা, শিক্ষকদের একশ’ ভাগ পদোন্নতি নিশ্চিত করা, জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, শিক্ষক নিয়োগের সময় নারী ও পুরুষ ক্ষেত্রে সমান যোগ্যতা চাওয়া, বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রে সব উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকদের সমান সুযোগ দেওয়া প্রমুখ। সমিতির সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা কয়েক দফায় বাড়ানো হলেও ১৯৭৩ সালের পরে শিক্ষকরা কোনো পদোন্নতি পাননি। শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক কোনো মর্যাদাও প্রতিষ্ঠিত হয়নি।” “প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের যোগ্যতা বর্তমানে øাতক হলেও তার বেতন অনেক কম। কাজের পরিধি সমান হওয়া সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাত ধাপ নিচে,” যোগ করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন চালানো হবে বলে জানান শাখাওয়াত। কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষকরা অংশ গ্রহণ করছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৮০১ ঘ.