২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শিক্ষক ধর্মঘট, সংকট নিরসনে উদ্যোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। প্রশাসন জানিয়েছে, সোমবারের একাডেমিক কাউন্সিলের সভায় সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। প্রশাসন জানিয়েছে, সোমবারের একাডেমিক কাউন্সিলের সভায় সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। ধর্মঘটের মধ্যে রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে পদোন্নতি নিয়ে সিন্ডিকেটে গৃহীত অস্থায়ী নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। এতে ফলিত বিজ্ঞান অনুষদের আট বিভাগের শিক্ষকরা অংশ নেন। এর আগে বুধবার সন্ধ্যায় ফলিত বিজ্ঞান অনুষদের আটটি বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষ ও বিভাগের অফিসে তালা ঝুলিয়ে দেওয়ায় রোববার ওই অনুষদের কম্পিউটার অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগ ছাড়া অন্য কোন বিভাগে ক্লাস হয়নি। এ ছাড়া পরীক্ষা ধর্মঘটের আওতা মুক্ত থাকলেও কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। ফলিত বিজ্ঞান অনুষদের দাবি আদায় কমিটির আহ্বায়ক মো. মোহসিন আজিজ খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোন অবস্থায় চাই না ক্লাস পরীক্ষা বন্ধ রাখতে। কিন্তু প্রশাসন আমাদের দাবি আদায়ে কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি।” শিক্ষকদের সাধারণ সভার মাধ্যমে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, “ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের দাবি আমাদের কাছে স্পষ্ট নয়। তারপরও সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার মাধ্যমে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।” গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত মতে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা আড়াই বছরে সহকারী অধ্যাপক হবেন। কিন্তু ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে এই সময়সীমা তিন বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭১২ ঘ.