সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাকে গুম করার গুজবে টানা দুই দিন ধরে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে, সালমান শামীম খান নামের সেই শ্রমিককে সাংবাদিকদের সামনে হাজির করেছে পুলিশ।
রোববার দুপুরে পুলিশি পাহারায় আশুলিয়া থানায় এসে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সালমান বলেন, “আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে আমি পূর্ণাঙ্গ নিরাপত্তা চাই।”
কেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানতে চাইলে- সালমান জবাব দেওয়ার আগেই পুলিশ সুপার মিজানুর রহমান তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যান।
সংবাদ সম্মেলনের শুরুতেই পুলিশ কর্মকর্তাদের পাশে দাঁড়িয়ে সালমান বলেন, তাকে গুম করা হয়নি, কোনো নির্যাতনও করা হয়নি।
এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের শ্রমিক সালমানকে গত বৃহস্পতিবার পুলিশে দেয় কর্তৃপক্ষ। থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
এর জের ধরে শনিবার সকালে শ্রমিক অসন্তোষ শুরু হয় আশুলিয়ায়। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে প্রায় বিপুল সংখ্যক গাড়ি ভাংচুর করে এবং আর্টিস্টিক ডিজাইনে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন ওপেক্স সোয়েটার লিমিটেডের শ্রমিক কামরুন্নাহার গোলাপী (৩০)।
এরপর রোবাবারও শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শতাধিক লোক আহত হন।
শনিবার সংঘর্ষের সময় পুলিশের একটি শটগান খোয়া গেলেও রোববার গুমাইল এলাকা থেকে সেটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে আশুলিয়ার ওসি মোস্তফা কামাল জানান।
এদিকে রোববার সকালে সংঘর্ষ শুরুর পরপরই পুলিশি নিরাপত্তার মধ্যে সালমানকে আর্টিস্টিক কারখানায় শ্রমিকদের সামনে হাজির করা হয়।
পরে তাকে থানায় সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সালমান জামিনে রয়েছেন, তবে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
“একটি মহল সালমানের মৃত্যুর গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি”, বলেন তিনি।
সালমানের বিরুদ্ধে আনা চুরির অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেবে বলে জানান তিনি।
সংঘর্ষের কারণে শনি ও রবিবার আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়। নতুন করে অস্থিরতা এড়াতে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় ‘জরুরি’ সংবাদ সম্মেলন ডেকেছে পোশাক তৈরি ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়া এলাকার পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের ঘটনায় ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরা হবে এই সংবাদ সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬২০ ঘ.
bdnews24