গোপালগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু অনিয়মের কারণে রেলে লোক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয় বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
গোপালগঞ্জে শনিবার তিনি সাংবাদিকদের বলেন, লোকবলের অভাবে সারদেশে রেলের ১০৬টি স্টেশন বন্ধ হয়ে গেছে। রেলকে আধুনিক ও গতিশীল করতে অচিরেই লোক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। যোগ্য লোকদের নিয়োগ দেওয়া হবে।
সারাদেশে রেলের পাঁচ হাজার একর জমি দখলমুক্ত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
বিকালে ওবায়দুল কাদের গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট ও কোটালীপাড়া-টুঙ্গিপড়া সড়ক পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নির্মাণে এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি হবে। এ ব্যাপারে দু’দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। আগামী নয় মাসের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করে। এরপর এতে অর্থায়ন নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
কাদের বলেন, “পদ্মা সেতু নির্মাণে আমরা বিশ্ব ব্যাংকের সহায়তার জন্য অপেক্ষা করেছি। তারা দুর্নীতির অভিযোগ তোলায় মন্ত্রী, সচিব ও পিডিকে (প্রকল্প পরিচালক) সরিয়ে দেওয়া হয়। দুদক তদন্ত করেছে।”
তারপরও সময়সীমার মধ্যে বিশ্ব ব্যাংক সহায়তা না করায় বিকল্প অর্থায়নে এ সেতু বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, বলেন তিনি।
দেশে বর্তমান বিশ্ব ব্যাংকের ৩০টি প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমারা বিশ্বব্যাংকের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করছি। বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য টাকা দিলে তা দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হবে।”
পরে মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় সড়ক বিভাগের প্রধান প্রকৗশলী আমিনুর রহমান লস্কর, জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, আ’লীগ নেতা এমদাদুল হক চৌধুরী, মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24