২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউতে বিভাসের প্রতি শেষ শ্রদ্ধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের পর রাজারবাগ শশ্মানে নিয়ে যাওয়া হয়েছে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহার মরদেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 05:34 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের পর রাজারবাগ শশ্মানে নিয়ে যাওয়া হয়েছে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহার মরদেহ। শনিবার সকাল ১১টার দিকে বিভাসের লাশ নিয়ে শশ্মানের উদ্দেশ্যে রওয়ানা হন তার ভগ্নিপতি এস এন ভক্ত। তিনি জানান, দুপুরের পর রাজারবাগ শশ্মানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার বিকালে বাসচাপায় নিহত হন বিভাস চন্দ্র সাহা। ধানমণ্ডির ২ নম্বর সড়কে বেল টাওয়ারে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী বিভাসকে (৪৫) একটি বাস চাপা দেয়। এদিকে সকাল সকাল ১০টায় আঞ্জুমানে মফিদুলের একটি অ্যাম্বুলেন্সে করে বিভাসের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি ডিআরইউতে নেওয়া হয়। এ সময় বিভাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ক্র্যাব বহুমুখী সমিতি ও সবস্তরের সংবাদকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “দিনেশের নিহত হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে তদন্ত কমিটিতে একজন সদস্য হিসেবে আমি ছিলাম। আমাদের সুপারিশ ছিল, চালকদেরকে ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী চালকদের সাজা তিন বছর থেকে বাড়িয়ে ১০ বছর করতে হবে।” এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ডিআরইউ সভাপতি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বিভাসের পবিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রেসক্লাবের সামনে বিক্ষোভ বিভাসের মৃত্যুর ঘটনায় বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করে গণমাধ্যমকর্মীরা। এ সময় প্রেসক্লাবের সামনের সড়কে তারা গাড়ি চলাচল বন্ধ করে দেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানিয়েছেন, প্রেসক্লাবের সামনে কয়েকশ’ সাংবাদিক জড়ো হয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছে। তারা দায়ী বাস চালকের গ্রেপ্তার ও বিচারের দাবিও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এএল/১১৩৭ ঘ.