ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় নিহত হয়েছেন ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা।
ধানমণ্ডির থানার উপ পরিদর্শক খালেদ মনসুর বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে বেল টাওয়ারে ইন্ডিপেন্ডেন্ট কার্যালয়ে যাচ্ছিলেন বিভাস। এ সময় স্টার কাবাবের সামনে একটি বাস তাকে চাপা দেয়।
এতে ৪৫ বছর বয়সী এই সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সহকর্মী নজরুল ইসলাম মিঠু ও আলফা আরজু।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে মৈত্রী পরিবহনের বাসটি ভাংচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে।
এর আগে দুপুর শাহবাগ এলাকায় বাস চাপায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু।
রমনা থানার উপপরিদর্শক মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপসী হোটেলের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস শহীদুজ্জামানকে বহনকারী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বিভাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নও বিভাসের মৃত্যুতে শোক প্রকাশ করে দায়ী চালকের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮৩১ ঘ.
bdnews24