ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে ঢাকায় এসে বাসচাপায় প্রাণ হারিয়েছেন বরিশালের ফটোসাংবাদিক শহীদুজ্জামান টিটু।
রমনা থানার উপপরিদর্শক মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে রূপসী হোটেলের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস শহীদুজ্জামানকে বহনকারী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
উপপরিদর্শক জানান, বাসের চালক নাঈম মোল্লাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শহীদুজ্জামান টিটুর সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি সাইদ মেমন জানান, বরিশাল নগরীর কালিবাড়ী রোড এলাকার বাসিন্দা টিটু স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার ফটোসাংবাদিক ছিলেন। স্ত্রীর চিকিৎসা করাতে তিন দিন আগে তিনি ঢাকায় আসেন।
শহীদুজ্জামানের মৃত্যুতে বরিশালে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বলে মেমন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এসইউ/১৪৩৮ ঘ.
bdnews24