সিলেট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানী নগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ আটজন নিহত হয়েছেন। আহত হন ২০ জন।
শুক্রবার ভোর ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের তের মাইলে এ দুর্ঘটনায় নিহতের সবাই বাসযাত্রী বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীম, ঢাকার কেরানীগঞ্জের বাতেন (৪৫), আবির (২০), অপু (২২), ঢাকার উত্তর মুগদার রাশেম্বর (২৮), শওকত আলী (৩৩) ও পরিচয় না পাওয়া দুই জন।
আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন ইফতেখার হোসেন শামীমের স্ত্রী নাজনীন হোসেন (৪৫), মেয়ে শেহরীন (১৮), আশরাফ আলী (২৬), এমরান আহমদ (৩৬), বুলবুল আহমদ (৪০), জাকির হোসেন (৩৫), মোহাম্মদ আলী (৩৪), শেখ আবু রহমান (১৯), দুলাল মিয়া (৩০), গোলাম কবির (২৫) ও সবুজ (২৫)। বাকিদের নাম জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি শাহীনুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। শওকত আলীর মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।
শাহীনুর আরো বলেন, এ পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিকাল ৩টায় শামীমের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
এখানে শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে বাদ আসর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইফতেখার হোসেন শামীমের নামাজের জানাযা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় হযরত শাহজালাল’র (রহ.) মাজার সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৮৪৯ ঘ.
bdnews24