নারায়ণগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিটি কর্পোরেশনের রাস্তা বন্ধ করে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন দেয়াল ভেঙে দিয়েছে এলাকাবাসী।
বুধবার রাতে কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বন্দর ইস্পাহানি এলাকায় আকিজ সিমেন্ট কারখানার এ নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলা হয়। দিনেই বেলাতেই এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল।
বৃহস্পতিবার সকাল থেকে এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ করলে সিটি কর্পোরেশনের মেয়র গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এলাকাবাসী জানান, স¤প্রতি আকিজ গ্রুপ রাস্তার পাশের অধুনালুপ্ত বাংলাদেশ ফেব্রিক্সের জমিটি কিনে নেয়। সিমেন্ট কারখানা ও নতুন কেনা জমিটির মাঝখানেই ছিল এই রাস্তাটি। দুটো জমিকে একই দেয়ালের ভিতর নিয়ে আসার জন্যই এই দেয়াল নির্মাণ করে থাকতে পারে আকিজ গ্র“প।
কর্পোরেশনের এ রাস্তাটি দিয়ে লোকজন দীর্ঘদিন ধরে নবীগঞ্জ খেয়াঘাটে যাতায়াত করত।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন হাজারখানেক জনতা রাস্তার ওপর আকিজ সিমেন্ট কারাখানার নির্মাণাধীণ দেয়াল ভেঙে ফেলছে।
বৃহস্পতিবার সকালেও তারা সেখানে রাস্তা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে। পরে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহী ইফফাৎ জাহান মায়াসহ কর্পোরেশনের কর্মকর্তারা সেখানে যান।
মেয়র জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা রাস্তার মতোই থাকবে। আকিজ গ্রুপ রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করে ঠিক কাজ করেনি।
আকিজ সিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলের পূর্ব পাশের জমিটি তাদের নতুন কেনা। তবে রাস্তার ওপর দেয়াল তৈরির বিষয়টি নিয়ে কথা বলার জন্য গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা বদরুজ্জামান চৌধুরীর সঙ্গে কথা বলতে বলেন।
তবে বদরুজ্জামান চৌধুরীর মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, রাস্তার উপর আকিজ গ্রুপের দেয়াল নির্মাণ করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে সিটি কর্পোরেশন মেয়র গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৪ ঘ.
bdnews24