ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখের শেষ দিকে এসে আবারো ‘মৃদু’ তাপপ্রবাহ চলছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে, যা শুক্রবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সানাউল হক জানান, “মূলত রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে গত দুই দিন ধরে মৃদু তাপপ্রবাহ চলছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।”
রাজধানী ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সানাউল হক জানান, শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগ এবং যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ী দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে বয়ে যেতে পারে।
এছাড়া চলতি মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আওহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মাসের প্রথম, তৃতীয় ও শেষ সপ্তাহে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।
গত ২৪ ও ৩০ এপ্রিল ঈশ্বরদী এবং ৩০ এপ্রিল রাজশাহীতে রেকর্ড করা ৪০ দশমিক ডিগ্রি সেলসিয়াসই ছিল ওই সময়ের সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দু’একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
এছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু’একটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি) এবং অন্যান্য স্থানে দু-তিনটি মৃদু (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-তিন দিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী বা ঝড় হতে পারে। দেশের অন্যান্য স্থানেও তিন-চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/১৯৫৫ ঘ.
bdnews24