ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ ২১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে বেসরকারি শিক্ষকদের এ সংগঠন।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সমিতি এসব দাবি জানায়।
এতে সংগঠনের সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন এবং শিক্ষাব্যবস্থার জাতীয়করণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবে সমিতি।
সরকারি ও বেসরকারি শিক্ষক, কর্মচারীদের বেতন ভাতার বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষক, কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানেরও দাবি জানান তিনি।
সমিতির উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকুরীর বয়স ৬৫ বছরে উন্নীত করা, মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের বয়স সবেতনে ২ বছর বাড়ানো, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উপাধ্যক্ষের পদ সৃষ্টি, জনবল কাঠামো সংশোধন।
এসব দাবি আদায়ে আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত উপজেলা এবং জেলা পর্যায়ে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৮৪০ ঘ.
bdnews24