আসাদুজ্জামান আসাদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বেনাপোল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল স্থলবন্দরের গোয়েন্দা শাখাকে দুর্নীতিবাজ ব্যবসায়ী ও শুল্ক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বৃহস্পতিবার এ চিঠি এসে পৌঁছানোর কথা নিশ্চিত করেন বেনাপোল শুল্ক ভবনের গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তা আবু তৌহিদ হাওলাদার।
চিঠি আসার খবরে দুর্নীতিবাজ সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক ও কাস্টমস কর্মকর্তারা আতঙ্কে রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বেনাপোল শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিভিন্ন পরিচয়ে শুল্ক কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়ে ক্ষমতার প্রভাবে অনেকে অবৈধ পণ্যের চালান জোর করে ছাড় করিয়ে নিচ্ছে। ফাঁকি দিচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
এ কারণে রাজস্ব আদায়ে চলতি অর্থবছরে বিরূপ প্রভাব পড়েছে। উচ্চ শুল্কহারের বিভিন্ন পণ্য যেমন- সিগারেট, পেপার, মটর যন্ত্রাংশ, সাইকেলের যন্ত্রাংশ, কাপড়, তৈরি পোশাক এবং ইমিটেশন জুয়েলারি সামগ্রী আমদানির ক্ষেত্রে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে বেশি।
বেনাপোল কাস্টমস প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১-২০১২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয় ২,৪৭৫ কোটি টাকা। চলতি বছর ৭ মে পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে মাত্র ১,৮৯৩ দশমিক ৬৫ কোটি টাকা। দশ মাসে রাজস্ব ঘাটতি হয়েছে ১৫১ কোটি টাকা।
বেনাপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “এই স্থলবন্দর দিয়ে যেভাবে পণ্য আমদানি হ্রাস পেয়েছে তাতে কোনোভাবেই এবার রাজস্ব আদায়ের টার্গেট পূরণ করা সম্ভব হবে না।”
তিনি আরো বলেন, চলতি বছরের প্রথম দিকেও প্রতিদিন ভারত থেকে চারশ’ থেকে সাড়ে চারশ’ ট্রাক পণ্য আমদানি হতো। অথচ ২ মে বুধবার পেট্রাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ২২৭ ট্রাক পণ্য। বৃহস্পতিবার ২৪২ ট্রাক, শনিবার ২০৪ ট্রাক এবং মঙ্গলবার আমদানি হয়েছে ১৮০ ট্রাক পণ্য।
এ ব্যাপারে বেনাপোল শুল্ক ভবনের গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তা আবু তৌহিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার দুদক থেকে তাদের কাছে পাঠানো চিঠি এসে পৌঁচেছে। বুধবার থেকে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
তিনি বলেন, চিঠিতে ২০১০ সাল থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত বেনাপোল বন্দরে যেসব পণ্য চালান আটক করা হয়েছে তার তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। আটক চালানের দাম পাঁচ লাখ টাকার ওপরে হলে সেসব পণ্যের অবৈধ আমদানির সঙ্গে জড়িত কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের তালিকাও লিপিবদ্ধ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24