বগুড়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিস কুমার হত্যা মামলার দুই আসামিকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার খিলক্ষেতের একটি মেস থেকে রাকিব (২৫) ও রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
জামায়াত নেতা এরশাদুল বারী এরশাদের নির্দেশে আশিসকে খুন করা হয় বলে গ্রেপ্তার রাকিব সাংবাদিকদের জানিয়েছেন।
গত ২৫ এপ্রিল সকালে বগুড়া শহরে আশিস কুমারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
গ্রেপ্তারের পর রাকিব সাংবাদিকদের বলেন, গত ২৫ এপ্রিল বেলা ১১টার দিকে আশিষ কুমারকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে রাকিব, রব্বানী, রতন, মানিক ও রাশেদ।
পরে তারা ঢাকা পালিয়ে যান।
ঢাকায় রতন ও রব্বানী আলাদা স্থানে থাকলেও খিলক্ষেতের একটি মেসে ওঠেন রাকিব ও রাশেদ।
জামায়াত নেতা বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক এরশাদুল বারী এরশাদের নির্দেশে তারা আশিসকে হত্যা করেন, বলেন রাকিব।
তিনি সাংবাদিকদের আরো বলে, আশিস হত্যাকাণ্ড ছাড়াও পৌরসভার ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জয় হত্যা মামলারও আসামি তারা।
বগুড়ার সিনিয়র এএসপি আরিফুর রহমান মণ্ডল বলেন, আশিষ হত্যা মামলার সব আসামিই শহরের সেউজগাড়ী এলাকার মুখোশধারী ছিনতাইকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24