ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ না দিলে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝোলানোর হুমকি দিয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা এ হুমকি দেন।
সমিতির যুগ্ম মহাসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “প্রাথমিক শিক্ষাখাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও গত ৩টি বাজেটে বেসরকারি শিক্ষকদের জন্য এক পয়সাও বরাদ্দ দেওয়া হয়নি। এবার অর্থ বরাদ্দ না হলে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলানো হবে।”
কর্মসূচির সঙ্গে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, “শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণেই প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ শিক্ষার ক্ষেত্রে অসামঞ্জ্যসতা দেখতে পাওয়া যায়।”
আন্তর্জাতিক বিধিবিধান অনুসারে শিক্ষাকে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় দায়িত্বে আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আনু মুহাম্মদ মোট জিডিপির ৭ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তাহলে জাতীয়করণসহ সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।”
এর আগে দাবি আদায়ে বেসরকারি শিক্ষকদের এই সংগঠন গতবছরের ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ, অবস্থান ধর্মঘট, কাফনের কাপড় পরে মৌন মিছিল, প্রতীকী অনশনসহ নানা কর্মসূচি পালন করে।
সে সময় শিক্ষকদের পূর্ণাঙ্গ মেডিকেল ভাতা ও টিফিন ভাতা প্রদানের ঘোষণা দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
বুধবারের অবস্থান ধর্মঘট শেষে আগামী ১৩ মে দেশের সবগুলো উপজেলা চত্বর এবং ১৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৮৫২ ঘ.
bdnews24