ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পশ্চিম প্রান্তের প্রবেশদ্বার গাবতলী সেতুর উভয় পাশে তুরাগ নদী ভরাট ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি আবেদনে মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
এই আদেশ বাস্তবায়ন করে আগামী রোববার আদালতে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে জমা দিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং ঢাকার জেলার প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে ওই নদী ভরাটে কাজে নিয়োজিত সব যন্ত্রপাতি-নৌকা ও বালি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেন ২০০৯ সালের ২৫ জুন মাসে হাই কোর্টে একটি আবেদন করেছিলেন।
এরপর আদালত ঢাকার চারপাশে চার নদীতে (তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা) সব ধরনের ভরাট বন্ধ এবং সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেয়।
আদালতের সেই আদেশ লঙ্ঘন করে গাবতলী সেতুর উভয় পাশে বালি ও মাটি দিয়ে নদী ভরাট অব্যাহত থাকায় তা বন্ধে গত সপ্তাহে একটি আবেদন করে সংগঠনটি।
ওই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আদেশ হয়।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৩০ ঘ.
bdnews24