কক্সবাজার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় একটি বিপনীবিতানে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল সাতটার দিকে উখিয়া সদরের রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী শহর মু¬ুল্লুকের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।
উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে আসবাবপত্রের দুটি দোকান, দু’টি মুদির দোকান, একটি চায়ের দোকান, একটি বসতবাড়ি এবং মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা মেরামতের তিনটি দোকান পুড়ে গেছে।
দোকানিদের দাবি ২০টি মোটরসাইকেল, দু’টি নতুন অটোরিকশা, প্রায় ২০ লাখ টাকার আসবাবপত্র ও মুদি মালামাল পুড়ে গেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারিভাবে সাহায্য করা হবে।
পুড়ে যাওয়া মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক শরীফ উল্লাহ জানান, পুড়ে যাওয়া কোনো দোকান থেকেই মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
তার দাবি, তার ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা ২০টি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। এছাড়াও অটোরিকশা ওয়ার্কশপে নতুন দু’টি অটোরিকশা পুড়ে গেছে।
আসবাবপত্রের দোকানের মালিক নুরুল আলম জানান, তার দোকানে প্রায় ২০ লাখ টাকার আসবাবপত্র মজুদ ছিল।
পুলিশ জানায়, আগুন নেভাতে গিয়ে পাঁচজন সামান্য আহত হন।
আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর কক্সবাজার থেকে দমকল বাহিনী এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩০৬ ঘ.
bdnews24