শাহজালাল বিশ্ববিদ্যালয়, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি অনুষদের পদোন্নতির অস্থায়ী নীতিমালা প্রত্যাখ্যান করেছেন ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা।
গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত মতে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রভাষকরা আড়াই বছরে সহকারী অধ্যাপক হবেন।
কিন্তু ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে সে সময় হবে তিন বছর, কারণ তারা øাতক পাশ করে প্রভাষক হন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা বলেন,
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই সিদ্ধান্ত বাতিল না করলে সৃষ্ট পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে।
এ দাবি আদায়ের জন্য ফলিত বিজ্ঞান অনুষদের আটটি বিভাগের বিভাগীয় প্রধানরা মঙ্গলবার অর্ধদিবস প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় ফলিত বিজ্ঞান অনুষদের দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসীন আজিজ খান বলেন, পদোন্নতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা থাকলেও অস্থায়ী নীতিমালা প্রণয়ন করা হয়েছে বিশেষ কিছু ব্যক্তির সুবিধার জন্য।
তিনি বলেন, এ নীতিমালা অনুযায়ী ভৌত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদের স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা বাড়তি যোগ্যতা ছাড়াই আড়াই বছরে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন।
অপরদিকে আগের নীতিমালা অনুযায়ী ফলিত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা ৩ বছরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন।
এদিকে বিকাল ৩টায় মিনি অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় অংশ নেওয়া রসায়ন বিভাগের প্রভাষক আজহারুল আরাফাত বলেন, “সিন্ডিকেটের এই অস্থায়ী সিদ্ধান্ত আমরা প্রত্যাখান করেছি। এ নীতিমালা অনুযায়ী আমরা বৈষম্যের শিকার হচ্ছি, কেননা প্রভাষক নিয়োগের ক্ষেত্রে ফলিত বিজ্ঞান অনুষদে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।”
কিন্তু সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদে প্রভাষক নিয়োগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
“মাস্টার্স ডিগ্রি থাকলেও আমাদেরকে বর্তমান নীতিমালা অনুযায়ী প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির পেতে তিন বছর অপেক্ষা করতে হচ্ছে। অথচ ফলিত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা শুধু স্নাতক ডিগ্রি দিয়েই তিন বছরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24