ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় খালেদা জিয়ার সরকারের উপমন্ত্রী সিরাজুল হককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক সোমবার বিএনপি নেতাকে দুদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সিরাজুল হকের সঙ্গে একই মামলার আসামি আব্দুল আজিজকেও দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
সিরাজুল ও আজিজকে ২৩ এপ্রিলের হরতালে বিজয় নগরে গাড়িতে আগুন এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলার এজাহারে আসামির তালিকায় তারা ছিলেন না।
থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান দুজনকে জিজ্ঞাসাবাদে তিন দিন করে সময় চান।
গত ৩০ এপ্রিল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সিরাজুল হক ও আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।
পর দিন তাদের আদালতে পাঠিয়ে পল্টনের আরেকটি বোমা বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু বিচারক সে আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।
এদিকে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার মামলায় বিএনপি নেত্রী রেহানা আক্তার ডলিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান পুলিশের আবেদনে সোমবার রিমান্ডের এই আদেশ দেন।
হরতালে ২৯ এপ্রিল সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের পর শাহবাগ থানার উপপরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক বাদি হয়ে মামলাটি করেন।
এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমানউল্লাহ আমান, এলডিপি চেয়ারম্যান অলি আহমদসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১২৬ ঘ.
bdnews24