২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমনীতি মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণ দিয়েছে, তার ভিত্তিতে চূড়ান্ত হবে এই শ্রমনীতি; যাতে প্রবাসী শ্রমিক, কৃষি শ্রমিকসহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকারের বিষয়গুলো সুনির্দিষ্ট করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শ্রমনীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে কিছু পর্যবেক্ষণ তুলে ধরে তা চূড়ান্ত করতে বলা হয়েছে। মন্ত্রিসভার এ সব পর্যবেক্ষণ অনুযায়ী সংশোধন ও সংযোজন করে চূড়ান্ত শ্রমনীতি প্রণয়ন করা হবে, বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়া শ্রমনীতি অনুমোদন হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন শ্রমনীতিতে প্রবাসী শ্রমিক, কৃষি শ্রমিকসহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকারের বিষয়গুলো সুনির্দিষ্ট করা হয়েছে। “এতে শিশু শ্রমকে নিরুৎসাহিত করা হবে। তবে কোনো কোনো কাজ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ নয়। এসব কাজের ক্ষেত্রে শিশুদের প্রশিক্ষণ বা সাময়িকভাবে এসব কাজ করতে দেওয়ার ক্ষেত্রে মন্ত্রিসভা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে,” বলেন তিনি। নতুন শ্রমনীতিতে শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে বলে মোশাররাফ হোসাইন জানান। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে শিশুশ্রমের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে নতুন নীতিতে। এতে শ্রম কল্যাণে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের কথাও বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি একটি নীতি, কোনো আইন নয়। এ নীতি বাস্তবায়নে প্রয়োজনে সরকার আইন, বিধি বা নির্বাহী আদেশ জারি করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৪১ ঘ.