বরগুনা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোষা কুকুর মারা যাওয়ার পর লাশ পাশের খালে ফেলে দিয়েছিলেন এটির মালিক বরগুনার আমতলীর বাশার। শেষে ওই লাশ থেকে দুর্গন্ধ ছাড়ানো নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় প্রাণ খোয়াতে হয়েছে তাকে।
বরগুনার আমতলী উপজেলার তারিকাটা গ্রামে ঝগড়ার পর ধাওয়া ও পাল্টা ধাওয়ার সময় আহত বাশার আকন (২২) রোববার রাতে হাসপাতালে মারা যান। তিনি গ্রামের নেসার আকনের ছেলে।
নিহতের বাবা নেসার আমতলী থানায় ৫ জনকে আসামী করে মামলা করেন। মামলার সূত্র উল্লেখ করে আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, নিহত বাশার আকনের কুকুরটি তিন দিন আগে মরে গেলে মৃতদেহটি খালে ফেলে দেওয়া হয়।
রোববার দুপুর দুইটার দিকে বাশারের প্রতিবেশী হাবিবুর রহমানের বাড়ির সামনে কুকুরের লাশটি আটকে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় হাবিব মাটি কাটার খোন্তার বাট দিয়ে বাশারের মাথায় আঘাত করে।
মুমূর্ষ অবস্থায় বাশারকে প্রথমে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে বাশার সেখানে মারা যায়।
বাশারের বাবা বাদি হয়ে হাবিবুর রহমানসহ তার পরিবারের সদস্য আবুল হোসেন, মনির হোসেন, তহমিনা ও সেফালী বেগমকে আসামী করে রোববার মামলা করেন। এদের মধ্যে তহমিনাকে রোববার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪০৭ ঘ.
bdnews24