চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসির ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা- দুটোই বেড়েছে।
এসএসসিতে এ বোর্ডে পাস করেছে ৭৮ দশমিক ৯৬ শতাংশ ছাত্র-ছাত্রী। গতবছর এ হার ছিল ৭৮ দশমিক ২৭ শতাংশ।
এবারের ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ১২১ জন। এই সংখ্যা গতবারের চেয়ে ৩০২ জন বেশি। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮১৯ জন।
পূর্ণ জিপিএ অর্জন করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৫৭ এবং ছাত্রী ২ হাজার ৩৬৪ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত সোমবার দুপুরে বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া ও উপ-সচিব মাহবুব হাসান এ সময় উপস্থিত ছিলেন।
পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষা দিয়েছিল ৮৫ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭২২ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৭৪৬ জন ছাত্র এবং ৩৪ হাজার ৯৭৬ জন ছাত্রী।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উন্নতি হয়েছে। তবে বিজ্ঞান বিভাগে পাশের হার কিছুটা কমেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বিজ্ঞানে গড় পাসের হার ৮৭ শতাংশ। মানবিকে ৬৫ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় প্রশাসনে ৮১ দশমিক ৮২ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামগ্রিক ফলাফলে এবারও সেরা ফল দেখিয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বোর্ডের মানদণ্ডে সামগ্রিকভাবে তাদের পয়েন্ট ৮৮ দশমিক ৬৫।
গতবার ৮৯ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বোর্ডের সেরা ফল করেছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।
এ বোর্ডে এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে কলেজিয়েট স্কুল (৮৮ দশমিক ৪৩)। এ স্কুলের ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন।
এ বোর্ডে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে সবচেয়ে বেশি, ৩১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৩১৫ ঘ.
bdnews24