ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্বে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে রওয়ানা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সোমবার নয়াদিল্লিতে সমাপনী পর্বে ঢাকার প্রতিনিধিত্ব করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টায় দীপু মনি ঢাকা ছেড়েছেন। তিনি কলকাতায় তিনঘণ্টা বিরতি দিয়ে নয়াদিল্লি যাবেন।
আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, সফরে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে দীপু মনির। এ ছাড়া ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসালের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, তিস্তা পানি চুক্তির অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্যই দীপু মনি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন।
এর আগে বৃহস্পতিবার তিস্তা চুক্তি নিয়ে তৈরি অচলাবস্থা কাটাতে নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা।
মমতার আপত্তির কারণেই ২০১১ সালের সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হয়নি।
তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য কলকাতা যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার বৈঠক করবেন দীপু মনি। তাদের যৌথ সভাপতিত্বে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শ কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) প্রথম বৈঠক হবে।
গত সেপ্টেম্বরে মনমোহনের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত ‘ভারত-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা রূপরেখা চুক্তি’ অনুসারে এ কমিশন গঠিত হয়।
বাংলাদেশকে দেওয়া একশ’ কোটি মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও পর্যালোচনা করবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া এ চুক্তির আওতায় সহযোগিতা বিষয়ে নতুন পদক্ষেপের অগ্রগতির দ্বিপাক্ষিক প্রয়াস নিয়েও আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩৬ ঘ.
bdnews24