ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের দুই দিন পর অনশন ভেঙেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও।
সংসদ সদস্য সারাহ বেগম কবরী শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ফলের রস খাইয়ে আট শিক্ষার্থীর অনশন ভঙ্গ করান।
অনশনরত শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে অনশন ভঙ্গ করার সময় তাদেরও উপাচার্যের বাড়ির সামনে কর্মসূচিস্থলে আনা হয়।
কবরী বলেন, “শিক্ষক-শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে দাঁড়াবে এটাই সঙ্গত। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, তার ওপর আস্থা ও সম্মান রেখে শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানাই।”
“সত্যিকারের শিক্ষক হলে অনেক আগেই উপাচার্যের পদ ছাড়া উচিত ছিল,” অধ্যাপক শরীফ এনামুলের দিকে ইঙ্গিত করে বলেন তিনি।
অনশন ভাঙানোর সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান, আন্দোলনরত শিক্ষক সমাজ’র আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনও ছিলেন।
অনশন ভাঙার সময় বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদবার্তা’ পড়ে শোনান সাংস্কৃতিক জোটের সম্পাদক শাকিলা শারমিন। এরপর ‘অনশন সফল হল’ স্লোগানে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে।
উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে এর আগে শিক্ষকরা অনশনে থাকলেও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কর্মসূচি প্রত্যাহার করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন, তাতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি, তিনি দ্রুত একটা সমাধান দেবেন।”
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র সেদিনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে, শরীফ এনামুল কবির আর উপাচার্য পদে আর থাকছেন না।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে উপাচার্য পদে নিয়োগ পান শরীফ এনামুল কবির।
উপাচার্য হিসেবে প্রায় তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে শিক্ষক নিয়োগে অনিয়ম, ছাত্রলীগের ‘একটি অঞ্চলভিত্তিক’ অংশকে মদদ, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার অভিযোগ ওঠে অধ্যাপক কবিরের বিরুদ্ধে।
তবে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এই বছরের শুরুতে, তার মদদপুষ্ট ছাত্রলীগ নেতাদের হামলায় সংগঠনটির অন্য অংশের কর্মী ও ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হলে।
গত ৯ জানুয়ারি জুবায়ের খুন হওয়ার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
ওই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং প্রায় ২০০ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন চালাতে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা।
ধাপে ধাপে আন্দোলন চালানোর পর আন্দোলনরত শিক্ষকদের ফোরাম ‘শিক্ষক সমাজ’ গত ১৮ এপ্রিল উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি শুরু করে।
শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে গত সপ্তাহে সাংস্কৃতিক জোট নেতাদের ওপর ‘উপাচার্যপন্থী ছাত্রলীগ’ হামলা চালালে শিক্ষার্থীরাও শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে।
শিক্ষকদের পাশাপাশি তারাও উপাচার্য ভবন এবং তার বাড়ি অবরুদ্ধ করায় অংশ নেয়। এরপর মঙ্গলবার শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.
bdnews24