২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র বেতন কাঠামো দাবি প্রাথমিক শিক্ষকদের

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দফা দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৪ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দফা দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরা হয়। তাদের দাবির মধ্যে অন্যতম হলো- স্বল্প সময়ের মধ্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, প্রতিটি বিদ্যালয়ে করণিক দপ্তরি ও নৈশপ্রহরী নিয়োগ, সহকারী শিক্ষক পদকে এন্ট্রিপদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি এবং ২০১৩ সাল থেকে পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শিক্ষক সমিতির এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা শিক্ষকদের দাবিগুলো শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন। শিক্ষক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা বলেন, “আমাদের দেশে গাড়ি চালকদের চেয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের বেতন কম।” শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান আকন্দ, বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যন অ্যাডভোকেট লুৎফর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২০১২ ঘ.