পিরোজপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের হস্তক্ষেপে পিরোজপুর সদর উপজেলায় এক কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূলগ্রামে গিয়ে এই বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন।
ইউএনও মেরীনা নাজনীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলগ্রাম গ্রামের সোহেল রানার (২২) সঙ্গে একই এলাকার তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রক্রিয়া চলছিল।
খবর পেয়ে তিনি (ইউএনও) বর ও কনের জন্ম তারিখের নিবন্ধন যাচাই বাছাই করে দেখেন মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি।
এছাড়া বিয়ের অনুষ্ঠানে সরকারি কাজী না নিয়ে স্থানীয় একজন মৌলভীকে দিয়ে বিয়ে পড়ানোর আয়োজন করেন দু’পক্ষের অভিভাবকরা।
এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭২৬ ঘ.
bdnews24