২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফকে কেন দাঁড় করিয়ে রাখা হবে: ড. কামাল

টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে শুনানিতে অধ্যাপক আসিফ নজরুলকে দাঁড় করিয়ে রাখা নিয়ে আদালতে আপত্তি জানিয়েছেন ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে শুনানিতে অধ্যাপক আসিফ নজরুলকে দাঁড় করিয়ে রাখা নিয়ে আদালতে আপত্তি জানিয়েছেন ড. কামাল হোসেন। বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে আসিফ নজরুলকে তলবের আদেশের শুনানিতে তিনি এই আপত্তি তুলে ধরেন। এদিন শুনানির পর আসিফ নজরুলকে তলবের আদেশের পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে দিন ঠিক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বৃহস্পতিবার আদালতে উপস্থিত না হলেও গত ১৫ এপ্রিল হাজির ছিলেন। ওই দিন কাঠগড়ার পাশে ১ ঘণ্টা ৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন আসিফ নজরুল। তার আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ তাকে বসতে দেওয়ার অনুমতি চাইলেও আদালত বলে, এখানে এসে সচিবরাও দাঁড়িয়ে থাকেন। আইনের দৃষ্টিতে সবাই সমান। বৃহস্পতিবার সকালে দুই বিচারপতি এজলাসে বসার কিছুক্ষণ পরই ড. কামাল ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “রিট আবেদনের বিবাদিরা আদালত অবমাননাকারী নয়, আসামিও নয়। তাদের আপনি দাঁড় করিয়ে রাখতে পারেন না।” আদালত বলে, আমরাতো তাকে আইনজীবীদের সিটে বসার অনুমোদন দিতে পারি না। ড. কামাল বলেন, “জায়গা না পেয়ে বসতে না পারে, সেটা অন্য কথা। কিন্তু দাঁড় করিয়ে রাখার বিষয়ে আপত্তি আছে।” আদালত বলে, বিষয়টি আমরা দেখব। ড. কামাল বলেন, “আপনার অথোরিটারিয়ান মাইন্ড সেট নিয়ে নিয়ে আমরা উদ্বিগ্ন। একপাশের বক্তব্য শুনে আপনি মাইন্ড সেট তৈরি করলে তো হবে না।” তখন আদালত বলে, আমরা মুক্ত মন নিয়েই শুনব। ড. কামাল বলেন, “এরপর যদি দাঁড় করিয়ে রাখেন, তাহলে আমরা ওয়াক আউট করব এবং এই মামলা স্থানান্তরের জন্য আমরা প্রধান বিচারপতির নিকট আবেদন করব।” আদালত তখন বলে, সেটা আপনাদের বিষয়। কামাল বলেন, “গণআদালতে বিষয়ে রাষ্ট্রদ্রোহের মামলায় তিনি (আসিফ) জাহানারা ইমামের সঙ্গে সহ-অভিযুক্ত ছিলেন। আজ দিনবদলের পরও তিনি অভিযুক্ত হবেন। সেটা হতে পারে না।” আদালত বলে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার একটা সীমা থাকতে হবে। এটা সীমাহীন হতে পারে না। নিয়ম অনুযায়ী প্রসেডিং চলাকালে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন। আর আমরা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। কামাল বলেন, “তিনি তো রিট মামলার বিবাদি। আমার ৫২ বছরের প্রাকটিসে এটা দেখিনি। এটা শুরু হয়েছে ২০১২ সালে, আপনি সেটা শুরু করেছেন, ইউ হ্যাভ ডান রং।” শুনানি করতে আদালত অনুরোধ করলে ড. কামাল বলেন, “আমাদের অনেক বিষয় আছে। আমরা ১৩ জন প্রখ্যাত আইনজীবীর বক্তব্য শুনব।” ড. কামাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার ব্যস্ততার কথা জানালে আদালত ২৪ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে। বাংলাভিশনে একটি টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৫ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই শিক্ষককে তলব করে। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ মার্চ টিভি টক শোতে তিনি বলেছিলেন, “আগামীতে কে ক্ষমতায় আসবে- বিরোধীদলীয় নেত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন, তৃতীয় শক্তি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তৃতীয় শক্তি।” তার এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উস্কানি দেওয়ার শামিল দাবি করে রিট আবেদনটি করেন ব্যারিস্টার নওশের আলী নামে এক আইনজীবী। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতেই ‘নাগরিক আন্দোলন’ নামে নবগঠিত একটি ফোরামের অন্যতম উদ্যোক্তা আসিফ নজরুলকে আদালতে তলব করা হয়েছিল। তাকে ২২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়। ওই দিন তিনি হাই কোর্টে হাজিরা দিলেও তলবকারী এই বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় এ বিষয়ে শুনানি হয়নি। ওইদিন ২৯ এপ্রিল এই রিটের শুনানির দিন ধার্য থাকলেও হরতালের কারণে তা হয়নি। আদালত গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও তৃতীয় শক্তির উত্থানে উস্কানি দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এই রুল জারি করে। এর শুনানিতে বাক স্বাধীনতার সীমা বিষয়ে মত দিতে ১৩ জনকে অ্যামিকাস কিউরি (আদালত-বন্ধু) হিসাবে নিয়োগ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯১৩ ঘ.