২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরবার লুট: সাবেক র‌্যাব কর্মকর্তা জুলফিকার গ্রেপ্তার

আনোয়ারার দরবার শরিফ থেকে দুই কোটি টাকা লুটের মামলায় রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই র‌্যাব কর্মকর্তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:54 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দরবার শরিফ থেকে দুই কোটি টাকা লুটের মামলায় র‌্যাবের সাবেক অধিনায়ক জুলফিকার আলী মুজমদারকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মগবাজারের ডাক্তার গলির একটি বাসা থেকে জুলফিকারকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের আনোয়ারা থানার পরিদর্শক আব্দুস সালামও এই অভিযানে অংশ নেন। তিনিই জুলফিকারকে সনাক্ত করেন বলে রমনার ওসি জানান। পরে রমনা থানা প্রঙ্গণে জুলফিকার সাংবাদিকদের বলেন, “আনফর্চুনেটলি ওখানে একটা ঘটনা ঘটল। একটা মামলা হয়েছে। এটা যে কোনো মানুষের জন্য হতে পারে। আপনাদের সহযোগিতা আমার দরকার।” “এই মিডিয়ার জন্যই হয়তো আজ আমার এই অবস্থা। হয়তো বা অনেকখানি দায়ী”, অভিযোগ করেন তিনি। দুপুর দেড়টার দিকে র‌্যাবের সাবেক এই অধিনায়ককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় আনোয়ার থানা পুলিশ। ২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে সেখান থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে গত ১৩ মার্চ র‌্যাবের ১২ সদস্যের নামে একটি মামলা হয়। আনোয়ারা থানার ওই মামলায় র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলীকে করা হয় প্রধান আসামি। ডাকাতির অভিযোগ ওঠার পর ওই র‌্যাব কর্মকর্তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। র‌্যাবের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স¤প্রতি জুলফিকারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় বলে গণমাধ্যমে খবর এসেছে। ওই মামলার অন্যতম আসামি ফ্লাইট লেফটেনেন্ট শেখ মাহামুদুল হাসানের বিষয়ে বিভাগীয় তদন্ত করতে চট্টগ্রামে গিয়ে স¤প্রতি মৃত্যু হয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদের। একটি হোটেল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪৫৫ ঘ.