২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির সঙ্গে কথা হবে বাণিজ্য-বিনিয়োগ নিয়ে

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে আগামী ৫ মে ঢাকায় আসছেন হিলারি। চীন থেকে বাংলাদেশ হয়ে ভারত যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

শেখ শাহরিয়ার জামান , জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরে বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন তহবিল এবং বঙ্গবন্ধুর খুনি হস্তান্তরের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে হিলারি দ্বিপক্ষীয় বৈঠকে ওই বিষয়গুলো উঠে আসার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংলাপেরও ঘোষণা আসতে পারে। এ সংলাপের আওতায় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে বলে বুধবার জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে আগামী ৫ মে ঢাকায় আসছেন হিলারি। বর্তমানে তিনি চীনে রয়েছেন। চীন থেকে বাংলাদেশ হয়ে ভারত যাবেন তিনি। আকরামুল কাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “সমন্বিতভাবে আলোচনার পরিকল্পনা করছি আমরা, যেখানে দ্বিপক্ষীয় সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।” হিলারির সফরের প্রস্তুতি নিয়ে বিকালে পররাষ্ট্রমন্ত্রী এবং ঢাকায় ওয়াশিংটনের দূত ড্যান মজিনার সঙ্গে বৈঠক করেন আকরামুল কাদের। যৌথ ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ঘোষণায় বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ সব বিষয় থাকবে। “দুই দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির জন্য এটা আগামীর নির্দেশনা হবে।” এ ঘোষণা দুই দেশের সম্পর্কে নতুন গতি আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোন দেশের পক্ষ থেকে এ ঘোষণার প্রস্তাব এসেছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই তা এসেছে। টিআইসিএফএ, শুল্কমুক্ত প্রবেশাধিকার হিলারির এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট-টিআইসিএফএ) সই হবে কি না জানতে চাইলে আকরামুল কাদের বলেন, “এ সফরে টিআইসিএফএ চুক্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।” গত দুই বছর ধরে এ চুক্তির জন্য উভয় পক্ষের তৎপরতা রয়েছে। কাদের বলেন, বাংলাদেশের জন্য বাণিজ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ধনী দেশগুলোর বাজারে পণ্যের শুল্পমুক্ত প্রবেশাধিকার পেতে অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে স্বল্পোন্নত দেশগুলো। “গত বছর যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি ছিল ৪৭৮ কোটি ডলার, যার জন্য শুল্ক দিতে হয়েছে ৭৫ কোটি ২০ লাখ ডলার।” “একটি স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার বৈধতা রয়েছে।” তিনি জানান, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি অ্যাক্টের (এজিওএ) আওতায় যুক্তরাষ্ট্র আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোকে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও এশিয়ার স্বল্পোন্নত দেশগুলো তা পাচ্ছে না। তবে জাপান, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশ আমাদের এ সুবিধা দিচ্ছে। “আমরা সাধারণত তৈরি পোশাক রপ্তানি করি এবং এ শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা নারীর ক্ষমতায়নকে সহায়তা করে, যা যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ,” বলেন তিনি। এমসিসি দারিদ্র্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে সহায়তার জন্য হিলারির নেতৃত্বে পরিচালিত মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের (এমসিসি) তহবিল পাওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। আকরামুল কাদের বলেন, “আমরা এমসিসি থেকে কিছু তহবিল চাই।” এমসিসি তহবিল পেতে প্রয়োজনীয় ২০টি শর্তের মধ্যে বাংলাদেশ ১০টির বেশি শর্ত পূরণ করেছে বলেও জানান তিনি। এমসিসি তহবিল পাওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাংলাদেশ তার জন্য চেষ্টা করছে। বঙ্গবন্ধুর খুনি বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে তার হস্তান্তর দাবি করা হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে হস্তান্তরের জন্য গত বছর হিলারি ক্লিনটনকে একটি চিঠি লিখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। “যুক্তরাষ্ট্রকে আমরা ভালো মানুষের দেশ হিসেবে দেখতে চাই। খুনিরা আশ্রয় নিতে পারে, এমন দেশ হিসেবে আমরা তাকে দেখতে চাই না,” বলেন ওয়াশিংটনে বাংলাদেশি দূত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর আলোচনায় মানবাধিকার ও গ্রামীণ ব্যাংকের বিষয় উঠে আসতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সফরসূচি ৫ মে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন হিলারি ক্লিনটন। তারপর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন তারা। সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এক নৈশভোজে অংশ নেবেন হিলারি। ৬ মে ব্যক্তিগতভাবে সময় কাটাবেন হিলারি ক্লিনটন। তারপর সন্ধ্যায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, হিলারি ক্লিনটনের এ সফরে তার (মজিনার) স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। “গত ২০ নভেম্বর আমি যখন এখানে এসেছিলাম তখন আমি বলেছিলাম, আমার স্বপ্ন হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং এখন তিনি আসছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২২৫০ ঘ.