২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িওয়ালা চাঁদা না দেওয়ায় ভাড়াটেকে গুলি

বাড়িওয়ালার কাছে চাঁদা না পেয়ে রাজধানীর জুরাইনে এক ভাড়াটেকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িওয়ালার কাছে চাঁদা না পেয়ে রাজধানীর জুরাইনে এক ভাড়াটেকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালের এই ঘটনায় গুলিবিদ্ধ শেফালী (৪৫) কে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুরাইন কমিশনার গলির ১৬১৪/৪, নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন শেফালী। শেফালীর বড় মেয়ে নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তাদের ঘরের দরজায় একজন টোকা দিলে তার ছোট বোন মিম দরজা খুলে দেয়। “তখন তিন-চার জন ঢুকে বলে, ‘কী আছে, বের করে দে’। মিমের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা আমার মায়ের ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে। এরপর বাসা থেকে বেরিয়ে গুলি করতে করতে দৌড়ে পালিয়ে যায় তারা”, বলেন তিনি। এই বাড়ির মালিক অন্য বাড়িতে থাকেন বলে নাসরিন জানান। কদমতলী থানার উপপরিদর্শক মহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির মালিক আব্দুল খালেক টেপার কাছে স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা নিচতলার ওই ভাড়াটেকে বাড়ির কেয়ারটেকার মনে করে হামলা চালায়। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮৪৬ ঘ.