২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক মহাপরিচালকের বদলি আদেশ প্রত্যাহার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক খন্দকার আমিনুর রহমানের প্রত্যাহার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক খন্দকার আমিনুর রহমানের প্রত্যাহার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বুধবারের এক আদেশে ২২ এপ্রিল জারি করা ওই আদেশটি বাতিল করা হয়। একইসঙ্গে ওই পদে প্রেষণে নিয়োগ পাওয়া যুগ্ম-সচিব কাজী রওশন আক্তারের বদলির আদেশটিও বাতিল করা হয়। এছাড়াও বুধবার প্রশাসনের বিভিন্ন পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব ড. নূরুল কাদিরকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, মোস্তফা কামালকে স্থানীয় সরকার বিভাগে এবং যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত উপসচিব শেফিনা বেগমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন ও বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং ওএসডি উপসচিব আব্দুল আলীমকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত থাকা তিন উপসচিবের সংযুক্তি আদেশ বাতিল করে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। এই তিন উপসচিব হলেন- মোশাররফ হোসেন, আবদুল জলিল এবং মতিয়ার রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কর্মকর্তা এম এনামুল হক। এজন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর শওকত আলী এবং মেজর খালেদ বীন ইউসুফকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৫৭ ঘ.