২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে নানা কর্মসূচি

সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচিতে মঙ্গলবার বিশ্বের অন্যান্য স্থানের মতো পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস, স্মরণ করা হবে শ্রমিকের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচিতে মঙ্গলবার বিশ্বের অন্যান্য স্থানের মতো পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস, স্মরণ করা হবে শ্রমিকের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামকে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় বের হবে শোভাযাত্রা। শ্রম ভবন থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকররমের উত্তর দিকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে শেষ হবে এই শোভাযাত্রা। সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবস উপলক্ষে দুদিনব্যাপী মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে টঙ্গীতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জনসভায় বক্তব্যও দেবেন তিনি। দেশে শ্রমিক-কর্মচারীদের সবচেয়ে বড় জোট ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ)’ উদ্যোগে সকাল ১০টা থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হবে শ্রমিকরা। একই সময়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এছাড়া বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফ বাংলাদেশ, শ্রমিক জোট-বাংলাদেশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার স্টাডিজসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো সকাল থেকেই সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চাসহ বামপন্থী দলগুলোও সভা ও সমাবেশে পালন করবে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা ও সপ্তাহে একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় সে বছর ১ মে ধর্মঘট চলাকালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। ওই দিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতি আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জিল্লুর রহমান। ১৯৮৬ সালে শিকাগোর হে শহরে আত্মাহুতি দেওয়া শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মালিক-শ্রমিক সম্পর্কন্নোয়নের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে জাতীয় শিশু শ্রমনীতি ২০১০, ৪৫০টি ট্রেড ইউনিয়নকে রেজিস্ট্রেশন প্রদান, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ, গার্মেন্ট সেক্টরে ৮২ শতাংশ মজুরি বৃদ্ধি উল্লেখযোগ্য।” বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান এবং শ্রমিকদের অধিকার আদায়ে সব সময় আপসহীন সংগ্রাম করে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/এমআই/২৩২৫ ঘ.