মো. আব্দুর রহিম বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শেরপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় শেরপুরের জগৎপুর গ্রামে পাক হানাদারদের হত্যাযজ্ঞের কথা এখনো ভোলেনি স্বজনরা। এই দিনে ওই গ্রামের ৪১ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয় শতাধিক বসতঘর।
এরপর কেটে গেছে ৪১ বছর। দীর্ঘ সময়েও নিহতদের স্মৃতি রক্ষায় সরকারিভাবে নির্মাণ করা হয়নি কোন স্মৃতিস্তম্ভ। শহীদ পরিবারগুলোকে দেওয়া হয়নি স্বীকৃতি।
জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত হিন্দু অধ্যুষিত জগৎপুর গ্রাম। ৩০ এপ্রিল সকাল ৮টার মতো বাজে তখন। কেউ ঘুম থকে উঠে নাস্তা সেরে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউবা খাওয়াদাওয়াও শেষ করেননি।
ওই সময় পাক হানাদার বাহিনী গ্রামটি তিন দিক থেকে ঘিরে গুলি ছুড়তে ছুড়তে ঢোকে। যাকে যেখানে পাওয়া যায় সেখানেই করা হয় হত্যা।
শহীদ পরিবারের সদস্য শেফালী দত্ত, দিপেন্দ্র চন্দ্র দে, রমেশ চন্দ্র দে ও বন্দনা রানী দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যাকাণ্ডের দু’দিন আগে রাজাকার, আল-বদর ও আল-শামসরা গ্রামে লুটপাট করতে এসে জনগণের প্রতিরোধের মুখে ফিরে যায়।
এরপর ৩০ এপ্রিল তারাই পাক হানাদার বাহিনী নিয়ে জগৎপুর গ্রামে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতন করে। কেউ কেউ ঘরবাড়ি ফেলে পাশের রাঙা বিলে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালায়।
ওইদিন নিহত হন ভজন দে। তার মা ৯০ বছরের বৃদ্ধা জ্যোতি বালা দে ছেলের মৃত্যু দেখেন নিজচোখে।
তিনি বলেন, “পাক বাহিনীর গুলিতে আমার ছেলে নিহত হয়েছে ৪১ বছর আগে। অথচ কখনো কেউ আমার খোঁজ নিতে আসেনি।”
অর্থকষ্টে দিন কাটলেও তিনি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতাও কখনো পাননি বলে জানান।
শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নরেশ চন্দ্র দে বলেন, “জগৎপুর গণহত্যায় শহীদদের জন্য সরকারিভাবে এখনো কোনো কিছু করা হয়নি। সেখানে হয়নি শহীদদের কোনো স্মৃতিস্তম্ভ। রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারগুলোকে কোনো স্বীকৃতিও দেওয়া হয়নি।”
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১৭২০ ঘ.
bdnews24