২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, ভাঙচুর

নোয়াখালীতে হরতালের সমর্থনে বের করা মিছিলে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

নোয়াখালী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে হরতালের সমর্থনে বের করা মিছিলে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন। সোমবার দুপুরে জেলা শহরের প্রধান সড়কে দু’পক্ষের ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় আইনজীবী ভবন-ব্যাংক-প্রেসক্লাবসহ অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহানের নেতৃত্বে নেতাকর্মীরা হরতালের সমর্থনে পৌর বাজারের সামনে থেকে একটি মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে জামে মসজিদের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। জামে মসজিদ মোড়ে দুটি মিছিল মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টাধাওয়া ও পরে তারা লাঠিসোটা, রড, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষই জেলা আইনজীবী সমিতির বিভিন্ন কক্ষ, তাদের সহকারীদের কক্ষ, জেলা প্রেসক্লাব, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, ই-ভিলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, ক্রিসেন্ট চাইনিজ, স্টার হোটেল, নোয়াখালী মেডিকেল হলসহ অন্তত ৫০টি দোকানে নির্বিচারে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় পুলিশের ট্রাফিক কনস্টেবল মোরশেদ আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতি, পৌনে ২টার দিকে বাজার ব্যবসায়ী সমিতি শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। জেলা প্রেসক্লাবের সদস্যরাও তাৎক্ষণিক সভা করে হামলার নিন্দা জানিয়েছেন। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, আহত কনস্টেবল মোরশেদকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬১৫ ঘ.