ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিনে হাই কোর্টে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা।
সোমবার বিরোধী দল সমর্থক আইনজীবীরা হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে। এদিকে বিরোধী দলের ‘ষড়যন্ত্র’ ও ‘নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশ করে সরকার সমর্থক ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’।
গত কয়েকদিনের হরতালে বিরোধী দল সমর্থক আইনজীবীরা প্রতিদিনই মিছিল সমাবেশ করলেও সরকার সমর্থকরা এবারই প্রথম কর্মসূচি পালন করলো।
সকাল সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোাভ মিছিল শুরু করে। মিছিলটি যথারীতি সুপ্রিম কোর্টের প্রধান সড়কে গেলে সেখানে পুলিশ বাধা দেয়। সেখানে কয়েক মিনিটের সংক্ষিপ্ত সমাবেশ করে তারা মিছিল নিয়ে ফিরে সমিতি ভবনে আসেন।
পরে বেলা ১২টার দিকে উত্তর হলে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেন, “মিছিল মিটিং করাতো আমাদের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক পথে প্রতিবাদ করতে না দিলে অগণতান্ত্রিক পথে ক্ষমতা পরিবর্তনে জণগন বাধ্য হবে।”
তিনি বলেন, “ইদানিং সরকার বিভিন্ন বাড়িতে রাতে সার্চ করছে। আমি মনে করি, কারো বাড়ি সার্চ করতে হলে দিনের বেলায় করা উচিত। তা করতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে।”
সচিবালয়ে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রোববারের হাত বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে কিভাবে বোমা হামলা হয়? আমার মনে হয়, নাটক মঞ্চস্থ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলা করেছে।”
বিরোধী দলের কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।
এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণ হলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ডাকা সমাবেশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “বিএনপির মহাসচিব গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অবিলম্বে ইলিয়াসকে ফিরত দিতে সরকারের প্রতি আহ্বান করেছেন। মনে হয়, সরকার তাকে মুরগির খাচায় আটকে রেখেছে। এখন তাকে ফেরত দিতে হবে।”
“সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে, বিশৃঙ্খলা সৃষ্টি করে অসাংবিধানিক পথে কাউকে ক্ষমতায় আসার সুযোগ করে দিতে এ সব করা হচ্ছে। গণতন্ত্রকে ব্যাহত করতে ইলিয়াস আলীকে শিখণ্ডি বানিয়ে যারা ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে প্রতিহত করবোই।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদি, লায়েকুজ্জামান মোল্লা প্রমুখ।
মো. আজহার উল্লাহ ভূঁইয়ার পরিচালনায় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি কেএম সাইফুদ্দিন আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৫০৬ ঘ.
bdnews24