ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণনাশের হুমকি পেয়ে আদালতে মামলা করেছেন গণনেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী, যিনি এর আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন।
সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক হাফিজুর রহমানকে প্রধান আসামি করে তিনি মামলাটি দায়ের করেন।
মহানগর হাকিম উৎপল চৌধুরী আগামী ২৪ মের মধ্যে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়েছে অভিযোগ করে গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছিলেন এ বি সিদ্দিকী।
দৈনিক ভোরের আলোর সম্পাদক এ বি সিদ্দিকী জিডিতে অভিযোগ করেছিলেন, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে ফেইসবুকে হুমকি দিয়েছেন।
সোমবার দায়ের করা মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গত ২৫ এপ্রিল প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে অংশ নেন এবি সিদ্দিকী। পরে শাহবাগের দিকে হেঁটে যাওয়ার সময় দুপুর ২টার দিকে হাইকোর্টের সামনে দুই মোটরসাইকেলআরোহী তাকে প্রাণনাশের হুমকি দেয়।
“আমাকে হুমকি দিয়ে বলা হয়েছে- ‘আপনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। এখন আপনার নিরপত্তা দেবে কে। প্রেসক্লাবের আশেপাশের এলাকা আমাদের জন্য নিরাপদ নয়। আমরা আপনাকে আবার পাব। আপনার মাথা কেটে বুয়েটে ঝুলিয়ে রাখব। গুলি করে ঝাজরা করে দেব’।”
মামলায় হাফিজুর রহমান ছাড়াও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে জিডি করার পর গত ২৪ এপ্রিল শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) ও জিডির তদন্ত কর্মকর্তা বিপ্লব কিশোর শীলকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ।
আল মাসুদ আদালতে উপস্থাপন করা প্রতিবেদনে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সাইবার অপরাধ বিভাগ এর তদন্ত করবে।
এছাড়া বুয়েটের নিবন্ধকের কাছে শিক্ষক হাফিজুর রহমানের ‘স্বভাব-চরিত্র’ কেমন তা জানতে চেয়েও চিঠি পাঠানো হয়েছে বলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন।
এ বি সিদ্দিকীর জিডিতে বলা হয়, “ফেইসবুকে এক ‘স্ট্যাটাসে’ রানা লেখেন, ‘হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না। প্রথমে তোর মাথায় গুলি করব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙ্গিয়ে রাখবো। যাতে আর কোন হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়’।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআই/এসইউ/১৩৩৫ ঘ.
bdnews24