ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) পদে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেনকে বদলি করা হয়েছে।
পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক পদে নিয়োগ পেয়েছেন রেলওয়ের সহকারী মহাপরিচালক (এডিজি) ফেরদৌস আলম।
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারিতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বরখাস্তের পর রেলপথ মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এই রদবদল হয়।
গত ৯ এপ্রিল সুরঞ্জিতের এপিএসের গাড়িতে থাকা ইউসুফ মৃধাকে সাময়িক বরখাস্তের পর তার চাকরি পশ্চিমাঞ্চলে সংযুক্ত রাখা হয়েছে।
এদিকে যাত্রী হয়রানি, দায়িত্বে অবহেলা, টাকার বিনিময়ে ট্রেনের আসন বিক্রি এবং টিকেট কালোবাজারির অভিযোগে রেলওয়ের কয়েজন কর্মী এবং রেলওয়ে পুলিশে কর্মরত কয়েকজন পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রেলওয়ে।
যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং দায়িত্বে অবহেলার জন্য বিমানবন্দর স্টেশনের টিকেট চেকার মোহাম্মদ সামাউমকে সাময়িক বরখাস্ত এবং টিকেট কালোবাজারির অভিযোগে রেলওয়ে পুলিশের (জিআরপি) কনস্টবল শাহজাহান সম্রাটকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
সুরঞ্জিতের পদত্যাগের পর রেলের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এছাড়া শনিবার রাতে চট্টগ্রাম মেইল ট্রেনে টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগে জিআরপির নায়েক প্রিয়ময় চাকমা ও কনস্টবল আবু হানিফ এবং আনসার বাহিনীর সদস্য জামাল উদ্দিন ও তারা মিয়াকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৪৬ ঘ.
bdnews24